নাটোরে বক্কার বাহিনীর প্রধান খুন
সাতটি হত্যা মামলাসহ ২১ মামলার আসামি নাটোরের সিংড়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আবু বক্কার খুন হয়েছেন। গত বুধবার রাতে একই উপজেলার মির্জাপুর গ্রামের ওসমানের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবু বক্কার এলাকার বক্কার বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ জানায়, বুধবার রাত অনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা মির্জাপুর গ্রামের ওসমানের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত বক্কারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আবু বক্কারের বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২১টি মামলা রয়েছে। সর্বশেষ গত এপ্রিলে নিজ গ্রামের আজাহারের স্ত্রী আছিয়া বেগমকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।আবু বক্কারের মৃত্যুর খবরে রাতেই কলম ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন আনন্দ-উৎসব শুরু করে। তারা পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করে। কলম গ্রামের হেলাল মেম্বরের স্ত্রী জানান, নিহত আবু বক্কার তাঁর স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন। এ সংক্রান্ত মামলা এখনো চলছে।