নাটোরে বখাটেদের হামলায় আহত ১৩ শিক্ষক-পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা গতকাল শুক্রবার এক শিক্ষক ও ১২ জন পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে। আর মাগুরায় গত বৃহস্পতিবার রাতে বখাটের অস্ত্রের আঘাতে আহত হয়েছে এক স্কুলছাত্রী।নাটোর: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের নববিধান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে শহরের কান্দিভিটা এলাকায় গত বুধবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। এ সময় ওই ছাত্রীর সহপাঠীরা প্রতিবাদ জানায়। গতকাল শুক্রবার দুপুরে ওই ছাত্রী ও তার সহপাঠীরা পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই তাদের ওপর চড়াও হয় কান্দিভিটা এলাকার জনিসহ ১০-১২ জন বখাটে। তারা ক্ষুর, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে পরীক্ষার্থীদের আঘাত করে। এ সময় নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সারোয়ার হোসেন এগিয়ে গেলে তাঁর ওপরও চড়াও হয় বখাটেরা। খবর পেয়ে নাটোর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই বখাটেরা পালিয়ে যায়।বখাটের হামলায় আহতদের মধ্যে শিক্ষক সারোয়ার হোসেন এবং এসএসসি পরীক্ষার্থী ওমর ফারুক, আরিফুল ইসলাম, সুজন ও বাঁধনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের মধ্যে বেলাল হোসেন, মনিরুল ইসলাম, ইমন শেখ, অনিক, রিপন, কাওসার, রাজিব, ওয়াসিম ও শান্ত প্রাথমিক চিকিৎসা নিয়েছে।হাসপাতালে চিকিসাধীন শিক্ষক সারোয়ার হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার্থীদের রক্ষায় এগিয়ে গেলে বখাটেরা আমার ওপরেও হামলা চালায়।’এসআই ফরিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বখাটেরা পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে।মাগুরা: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন পাশের বেথুলিয়া গ্রামের যুবক সাজ্জাদ সর্দার। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ ও তাঁর বন্ধু কালুকান্দি গ্রামের নূর ইসলাম ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর মা বাধা দিলে সাজ্জাদ ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে আঘাত করেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় সাজ্জাদ ও নূর ইসলামকে আসামি করে গতকাল মহম্মদপুর থানায় মামলা করেছেন ওই ছাত্রীর মা।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিঞা জানান, ঘটনার পর থেকে ওই দুই যুবক পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।