নাটোরে বন্যা পরিস্থিতি: দুই উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বন্যা মোকাবিলা প্রস্তুতি সভা শেষে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এ নির্দেশ দেন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের এলাকা না ছাড়ার পরামর্শ দেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান, নলডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আবদুল্লাহ মোহাম্মদ, সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ জেলার সরকারি সব কার্যালয়ের কর্মকর্তারা।
এক ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তাদের ছুটির দিনেও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কৃষি বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ত্রাণ কার্যালয়ের কর্মকর্তাদের অধিক সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সচেষ্ট হওয়ার জন্য সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে পরামর্শ দেন।
এর আগে শাহিনা খাতুন আগাম বন্যাকবলিত সিংড়া ও গুরুদাসপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।