নাটোরে বরযাত্রীদের ওপর হামলা, গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় বরযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলিতে সাদ্দাম হোসেন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ জন। গতকাল বুধবার উপজেলার ছতর গ্রামে এ ঘটনা ঘটে। দুটি পরিবারের কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২ নম্বর ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোবাহান সর্দারের ভাতিজা আমিরুল সর্দারের সঙ্গে তিরাইল গ্রামের জিল্লুর রহমানের মেয়ে সোনিয়া খাতুনের সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে তাঁরা পালিয়ে যাওয়ার পর উভয় পরিবারের পক্ষ থেকে তাঁদের বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে গ্রাম্য সালিসে আমিরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সোনিয়াকে বিয়ে করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি আমিরুল ওই টাকা দিতে অস্বীকৃতি জানান এবং পার্শ্ববর্তী বড়গ্রামের একটি মেয়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। আমিরুলের অন্যত্র বিয়ের বিষয়টি জানতে পেরে সোনিয়ার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল প্রায় ৫০ জন বরযাত্রী নিয়ে বড়গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন আমিরুল। পথে ছতর গ্রামে একদল লোক তাঁদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে সাদ্দাম হোসেন নামের এক বরযাত্রী গুলিবিদ্ধ হন। আহত হন প্রায় ২৫ জন বরযাত্রী। সাদ্দামকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তিনি মারা যান।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।