নাটোরে বর্ষবরণে সংঘর্ষে আহত ৬
ইংরেজি নতুন বর্ষ উদ্যাপনের সময় নাটোরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগের সমর্থক রাজন (২২), বিএনপির সমর্থক মোশারফ হোসেন (২০) ও আল আমিনকে (১৯) নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজন ও আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনের নাম জানা যায়নি। নাটোর থানার পুলিশ সূত্রে জানা গেছে, শহরের দত্তপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত তরুণেরা সোমবার রাতে পৃথক বনভোজনের আয়োজন করেন। পাশাপাশি অবস্থান নিয়ে আনন্দোল্লাস করার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রাজনের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’