নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুটি ট্রাক ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। হতাহত ব্যক্তিরা গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হতাহত ব্যক্তিরা একটি ট্রাকের আরোহী ছিলেন। তাঁরা গরু কিনতে রাজশাহী যাচ্ছিলেন।

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুরের হেলাল উদ্দিন (৬০) ও দোলন হোসেন (২৮)।

গুরুতর আহত হয়েছেন একই এলাকার আল আমিন (৩০), ফরহাদ হোসেন (৩৬), আবদুল মতিন (৪৪) ও জয়নাল আবেদিন (৩৯)। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে পুলিশের ভাষ্য, রোকেয়া পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল দুটি ট্রাক। এই ট্রাক দুটির মধ্যে একটি অপরটিকে পাশ কাটানোর সময় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের তিন আরোহী নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে আসেন। তাঁরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আমিন বলেন, এক ট্রাক অপর একটি ট্রাককে পাশ কাটাতে গেলে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।