নাটোরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোর সদর উপজেলার সৈয়দপুর মোড়ে আজ শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মাসুদ আলম (৩২)। অন্য দুজনের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।
ঝলমলিয়া মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের সৈয়দপুর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ আলম ও অজ্ঞাত আরেকজন মারা যান। নিহত তিনজনের লাশ নাটোর সদর হাসপাতালে রয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চিকিত্সাধীন আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।