নাটোরে বাসচাপায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সদর উপজেলার বাকশোরঘাট গ্রামে নাটোর-বগুড়া মহাসড়কে গতকাল রোববার বাসের চাপায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ছয়জন সদস্যও আহত হয়েছেন।নাটোর সদর থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে নাটোর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাটোরের সিংড়া উপজেলার বামনমাঝ গ্রামের সুধানন্দ চন্দ্র দাস (৫৫), নাটোর শহরের কানাইখালী মহল্লার অটোরিকশাচালক বাবুল প্রামাণিক (৪৫), শফিকুল ইসলাম (৩৫) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হন। দুর্ঘটনায় সৈকত (২৮) এবং ৩৪ ও ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি আহত হন। তাঁদের প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হতাহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা চালায়। এতে নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুর রউফসহ ছয়জন আহত হন। তাঁদের নাটোর সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের দুইটি গাড়িও ভাঙচুর করে।পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।