নাটোরে বাসের চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত
নাটোরের সদর উপজেলা পরিষদের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক ওসমান আলী (৩০), অটোরিকশার যাত্রী সিংড়া উপজেলার আরিফুল ইসলাম (২৮), তাঁর চাচা আরমান আলী (৩৮) ও সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪৫)। নিহত অন্য ব্যক্তির নাম জানা যায়নি। সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে অটোরিকশায় চারজন যাত্রী নিয়ে সদর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়েছিলেন চালক ওসমান। এ সময় বগুড়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও তিন যাত্রীর। সদর হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়। অটোরিকশাটিকে চাপা দেওয়ার সময় বাসের ছাদ থেকে পড়ে আহত হন মাহাতাব (৩৫) ও পরিতোষ ঘোষ (৫০)। তাঁদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পরপর বাস রেখে চালক পালিয়ে যান।