নাটোরে বাড়িতে হামলা-ভাঙচুর তিন নারীকে কুপিয়ে জখম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় যুবলীগের এক নেতাকে খুঁজতে গিয়ে তাঁর নানার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা তিন নারীকে কুপিয়ে জখম করেছে। গ্রামবাসীর হাতে হামলাকারীদের তিনজন আহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার পাটুল পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।এ ঘটনায় রাতেই সদর উপজেলার পিপরুল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদলের নেতা সাজ্জাত হোসেনসহ যুবদলের ১৩ জন নেতা-কর্মীর নামে নলডাঙ্গা থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, রোববার দুপুরে হালতি বিলে বেড়াতে আসা নাটোর শহরের কয়েকজন যুবকের সঙ্গে গায়ে পানি ছেটানোকে কেন্দ্র করে জসিম উদ্দিনসহ তাঁর কয়েকজন সমর্থকের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়।ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় নাটোর শহর থেকে ২০-২২ জন যুবক পাটুল পশ্চিমপাড়া গ্রামে এসে জসিমকে খোঁজাখুঁজি করতে থাকে। তারা জসিমকে বাড়িতে না পেয়ে পাশেই তাঁর নানার বাড়িতে সশস্ত্র হামলা চালান এবং জসিমের মা আলেয়া বেগম (৪৬), নানি জামেনা বেগম (৭০), খালা জুলেখা বেগমকে (৪৮) কুপিয়ে জখম করে এবং দুটি ঘর ভাঙচুর করে। হামলাকারীরা বাড়ি থেকে ৩৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একপর্যায়ে গ্রামবাসী প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীর হাতে হামলাকারীদের মধ্যে তিনজন আহত হয়।খবর পেয়ে সাজ্জাদ হোসেনসহ যুবদলের ২৫-৩০ জন কর্মী ঘটনাস্থলে যান। তাঁরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।সাজ্জাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বা আমার কর্মীরা কেউ হামলা চালায়নি। গুলিও চালায়নি। এটা অপপ্রচার মাত্র।