নাটোরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরে গতকাল রোববার সন্ধ্যায় আবুল কাশেম নামের বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, শহরের বড়গাছা হাফরাস্তা মহল্লার বাসিন্দা ও জেলা বিএনপির কর্মী আবুল কাশেমের সঙ্গে সন্ধ্যা ছয়টায় প্রতিবেশী আবুল হোসেনের হাতাহাতি হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটমাট করে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর আবুল কাশেম হাফরাস্তায় অবস্থিত শেফা ক্লিনিকের সামনে গেলে আবুল হোসেন ও তাঁর স্বজনেরা তাঁর ওপর হামলা চালান। উপর্যুপরি লাথি-ঘুষি মারতে থাকেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁরা তাঁকে নাটোর-রাজশাহী সড়কে ফেলে দেন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই আবুল কাশেম মারা যান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার মৌখিক অভিযোগে কাশেম হোসেন নামের একজনকে পুলিশ আটক করেছে।