নাটোরে বিএনপির ভোট বর্জন, সংঘর্ষে আহত ৬
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম আজ শনিবার বেলা ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সব কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া ও তাঁর সমর্থক ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন।
এ ছাড়া মহিষডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থী কাজেম আলী ও সাইদুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাঁরা দুজনসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম তাঁর বাড়িতে সাংবাদিকদের কাছে দাবি করেন, ভোট শুরুর পর তিনি প্রায় সব কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি কোনো কেন্দ্রেই তাঁর এজেন্টদের দেখতে পাননি। তিনি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন, তাঁদের আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়েছেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারিয়ে নেওয়া হচ্ছে। কেন্দ্র ও তার আশপাশে বিএনপির সমর্থকদের থাকতে দেওয়া হচ্ছে না। তাই তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে খাজুরায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক এমরান হোসেন বলেন, মহিষডাঙ্গা কেন্দ্রের বাইরে কিছুটা সমস্যা হলেও অন্যসব কেন্দ্রে ভোটের পরিবেশ ভালো রয়েছে। বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার কোনো অভিযোগ কেউ করেননি।