নাটোরে বিএনপির সমাবেশস্থলে ১৪৪ ধারা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের যুবদলের নেতা সাব্বির আহমেদ হত্যার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিডিবি মাঠে আয়োজিত যুব সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে সমাবেশ উদ্বোধনের মুহূর্তে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে বিএনপি এনএস কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা বিদ্যুত্ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মখলেছুর রহমান দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পিডিবি মাঠে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ অনুষ্ঠান বন্ধ করার আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক পিডিবি মাঠে যুবদলের সমাবেশ অনুষ্ঠানের বিরুদ্ধে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন। মাইকে ওই আদেশ প্রচার করে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। আইন মোতাবেক ওই মাঠে সমাবেশ বা অন্য কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই। বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলুর নেতৃত্বে নেতা-কর্মীরা পিডিবি মাঠ ছেড়ে মিছিল করতে করতে স্থানীয় এনএস কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা যুবদলের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর যুবদলের (উত্তর) নেতা সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা নির্ধারিত জায়গায় সমাবেশ অনুষ্ঠান করতে না দেওয়াকে সরকারের বাকশালী মনোভাব বলে মন্তব্য করেন।প্রকৌশলী সেলিম আক্তার বলেন, ‘বিধি মোতাবেক বিদ্যুত্ কার্যালয়ের জায়গায় কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করা যায় না। তা ছাড়া জেলা যুবদল সেখানে সমাবেশ করার জন্য আমাদের কাছে কোনো আবেদনও করেনি। তাই আমরা সমাবেশ অনুষ্ঠান বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।’