নাটোরে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম
নাটোর শহরের প্রকাশের মোড়ে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিজানুল হক ওরফে ডিউককে (৪৫) গুরুতর জখম করেছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিজানুল হক নিজ বাসা থেকে শহরের প্রকাশের মোড়ে গেলে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। দুর্বৃত্তরা রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা মিজানুল হককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কালাম আজাদ বলেন, মিজানুল হকের কপাল, ডান হাত ও দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
সদর হাসপাতালে থাকাকালে মিজানুল হক বলেন, ‘উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে কাজ করার কারণে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।’