নাটোর সদর উপজেলার খাজুরা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও এক গ্রন্থাগারিকের নিয়োগপত্র গতকাল শনিবার বিদ্যালয় থেকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে বকুল সরকারের নির্দেশে যুবলীগের কর্মীরা এ কাজ করেছেন।প্রধান শিক্ষক আবদুস ছালাম বলেন, নিয়োগ কমিটি সর্বসম্মতিক্রমে গত ২৫ জুন জাকারিয়া তালুকদার নামের একজনকে কৃষি বিষয়ের শিক্ষক এবং আনোয়ার হোসেনকে গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী দুজনের নিয়োগপত্র তৈরি করা হয়। বকুল সরকার গ্রন্থাগারিক পদে রওশনারা খাতুন নামের একজনকে নিয়োগের জন্য সুপারিশ করেন। তিনি অপারগতা প্রকাশ করলে বকুলের নির্দেশে যুবলীগের স্থানীয় কর্মী শরিফুল ও মতিন নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখতে বলেন। একই সঙ্গে তাঁকে এবং গ্রন্থাগারিক পদে মনোনীত আনোয়ার হোসেনকে মুঠোফোনে ভয়ভীতি দেখানো হয়।প্রধান শিক্ষক বলেন, ‘আজ (শনিবার) সকালে শরিফুল ও মতিনসহ ২০-২৫ জন যুবক বিদ্যালয়ে এসে আমার কাছে নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র চায়। আমি তাদের জানাই, কাগজপত্র যে আলমারিতে আছে তার চাবি আমার কাছে নেই। তখন ওই যুবকেরা আমাকে জোর করে বিদ্যালয় থেকে তুলে নিয়ে যায়। পরে পাশের হাতলি বিলে নিয়ে আমাকে একটি নৌকায় তোলে।’প্রধান শিক্ষক আরও বলেন, ‘যুবকেরা আমাকে নৌকায় করে হালতি বিলে অনেকক্ষণ ঘোরায় এবং মানসিকভাবে চাপ দেয়। এরপর তারা আমাকে আহম্মদপুর গ্রামে বিদ্যালয়ের করণিক হায়দার আলীর বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে আলমারির চাবি নিয়ে দুপুর সাড়ে ১২টার তারা আমাকে নিয়ে বিদ্যালয়ে ফিরে আসে। এ সময় তাদের ভয়ে অপর শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যায়। তখন ওই যুবকেরা জোর করে নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র নিয়ে চলে যায়।’গ্রন্থাগারিক পদে মনোনীত আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘লিখিত ও মৌখিক পরীক্ষায় আমি প্রথম হয়েছি। তাই নিয়োগ কমিটি আমাকে মনোনীত করেছে। কিন্তু বকুলসহ তাঁদের লোকজন তা মানছেন না। তাঁরা আমাকে মুঠোফোনে ভয়ভীতি দেখাচ্ছেন।’প্রধান শিক্ষক বলেন, বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে জানানো হয়েছে। কমিটির পরামর্শে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে কথা বলার জন্য শরিফুল ও মতিনকে সন্ধান করেও পাওয়া যায়নি।তবে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছাদেক আলী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর ছেলেসহ আমরা প্রধান শিক্ষককে বলেছিলাম আমাদের জেলার কাউকে নিয়োগ দিতে। এমনকি স্থানীয় বিএনপির কেউ যদি আওয়ামী লীগে যোগ দেওয়ার শর্তে চাকরি নিতে রাজি হন, তাহলে তাঁকেও নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু প্রধান শিক্ষক তা না করে নওগাঁর (আনোয়ার হোসেনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়) এক ছেলেকে চাকরি দিয়েছেন। এ জন্য আমাদের ছেলেরা ক্ষিপ্ত হয়েছে।’এ ব্যাপারে বকুল সরকারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।