নাটোরে বিসিআইসির গুদামে সার ওঠানো নামানো বন্ধ
শ্রমিকেরা গত রোববার থেকে বাংলাদেশ রসায়ণ শিল্প সংস্থার (বিসিআইসি) নাটোরের গুদামে সার ওঠানো-নামানো বন্ধ রেখেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শ্রমিকেরা সার ওঠানো-নামানো বন্ধ রেখেছেন। নাটোরের বিসিআইসি সার গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন জানান, আট হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার এই গুদাম থেকে প্রতিদিন আড়াই শ মেট্রিক টন সার ওঠানো-নামানো হয়। বিসিআইসির চুক্তিবদ্ধ ঠিকাদার আলফাজুল আলম তাঁদের মাধ্যমে সার ওঠানো ও নামানোর কাজ করে থাকেন। নিয়ম অনুযায়ী সার কারখানা ও বন্দর থেকে সব সার এনে গুদামে নামানোর কথা। কিন্তু ডিলারের সঙ্গে গুদাম কর্তৃপক্ষ যোগসাজশ করে কিছু সার গুদামে না নামিয়ে সরাসরি ডিলারদের ঘরে পৌঁছে দিচ্ছে। ফলে শ্রমিকেরা কাঙ্ক্ষিত পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। রাজীব উদ্দিন অভিযোগ করেন, ডিপো ইনচার্জ ও সংশ্লিষ্ট সার ব্যবসায়ীরা মিলে কাগজে-কলমে গুদামে সার নামানোর বিষয়টি ঠিক রাখলেও বাস্তবে সরাসরি ব্যবসায়ীদের গুদামে চলে যাচ্ছে। ঠিকাদার আলফাজুল আলম বলেন, ‘গুদামে সার না নামিয়ে অন্যত্র নামানোর অভিযোগ সত্য নয়।’