নাটোরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সার বিক্রি বন্ধ
সার ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার নাটোরের সাতটি উপজেলার বিসিআইসি সার ডিলাররা সার বিক্রি বন্ধ রেখে প্রতিবাদ সভা, স্মারক লিপি প্রদান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।
বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বিসিআইসি সার ডিলার উপজেলা সভাপতি সোলায়মান আলী, জেলা কমিটির প্রতিনিধি আবদুর রহিম বক্তৃতা করেন। বক্তৃতায় তাঁরা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে সার ডিলারদের দোকান বন্ধ রাখাসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিসংবলিত স্মারকলিপি ইউএনও এবং কৃষি কর্মকর্তা বরাবর পাঠান। একইভাবে লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা, নাটোর সদর, সিংড়া ও গুরুদাসপুর উপজেলায় কর্মসূচি পালন করেন সার ব্যবসায়ীরা। গতকাল সোমবার এসব উপজেলার সার ডিলাররা সার বিক্রি বন্ধ রাখেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারের বিসিআইসি সার ডিলার আবদুল মজিদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ব্যাপারে হাবিবুর রহমান নামের একজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।