নাটোরে ব্যবসায়ী অপহরণের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ব্যবসায়ী অপহরণ মামলায় পুলিশ গতকাল সোমবার আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. হাঁসু ও নূরে ইয়াসদানী সজীব। পুলিশ বলছে, তাঁরা দুজনই যুবলীগের কর্মী। এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গতকাল সংবাদ সম্মেলন করে এ ঘটনায় তাঁর কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য প্রচার করছে। মামলার তদন্ত কর্মকর্তা ও নাটোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া হাঁসুর বাড়ি নাটোর শহরের কান্দিভিটুয়া মহল্লায়। আর সজীবের বাড়ি আলাইপুর মহল্লায়। শহরের কানাইখালী মাঠের পাশে তাঁরা লুকিয়ে ছিলেন। গতকাল ভোরে তাঁদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসআই জানান, হাঁসু হত্যা ও অবৈধ অস্ত্র বহনসহ বহু মামলার আসামি। যুবলীগের কর্মীদের জড়িয়ে গণমাধ্যমে অপহরণের সংবাদ প্রচারের প্রতিবাদে যুবলীগ গতকাল নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রোববার ব্যবসায়ীদের অপহরণ ও চাঁদা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। মামলাসংক্রান্ত একটি বিষয় নিয়ে উভয় পক্ষ যুবলীগের কার্যালয়ের সামনে মাইক্রোবাস থামিয়ে আলোচনা করেছে। তা ছাড়া এ আলোচনায় যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা কেউই যুবলীগের সঙ্গে জড়িত না। প্রসঙ্গত, রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের পোলট্রি ব্যবসায়ী আবদুল মালেক ও তাঁর সঙ্গী আবদুর রশিদ গত রোববার নাটোরে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে যুবলীগের কর্মীরা তাঁদের অপহরণ করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে নিয়ে যান। তাঁরা অপহূত ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোরের একটি অনুষ্ঠানস্থল থেকে ছুটে এসে অপহূত ব্যক্তিদের উদ্ধার করেন। এ সময় অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে আবু রায়হান নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রায়হান নিজেকে নির্দোষ ও যুবলীগের কর্মী বলে দাবি করেন। তবে জেলা যুবলীগ তা অস্বীকার করেছে। এ ঘটনায় ব্যবসায়ী মালেক নাটোর থানায় রায়হানসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।