নাটোরে বড়াল নদে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকায় বড়াল নদেতে হঠাৎ করেই মাছ মরে যেতে শুরু করেছে। স্থানীয় লোকজন দল বেঁধে নদী থেকে মরা মাছ ধরেছেন। উপজেলা মৎস্য সম্পদ কার্যালয় পানি পরীক্ষা করে মাছ মরে যাওয়ার কারণ খুঁজে পায়নি।

আজ রোববার দুপুরে তমালতলা এলাকায় গিয়ে দেখা যায়, বড়াল নদে ছেলে-বুড়ো সবাই পানিতে ভেসে ওঠা মরা মাছ ধরতে ব্যস্ত। মাছ শিকারি শিশু রাব্বী শেখ জানায়, ঘুম থেকে উঠেই তারা নদেতে মরা মাছ ভাসতে দেখে। তখন থেকেই সে ধামা হাতে মাছ ধরতে শুরু করে। তার হাতে তখন ধরা পড়েছে প্রায় দুই কেজি দেশি জাতের পুঁটি মাছ। নদীতে মাছ ধরছিলেন ইউসুফ আলী ও আইনাল হোসেন। তাঁরা জানান, সকাল থেকেই নদীতে ট্যাংরা, কাতলা, বাইনসহ নানা জাতের মাছ মরতে শুরু করে। কিছু মাছ আধা মরা অবস্থায়ও ভাসছিল। তাঁরাসহ আশপাশের লোকজন এসব মাছ ধরতে নামেন। তবে কী কারণে এসব মাছ মারা যাচ্ছে তা তাঁরা জানেন না।

মাছ মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা মৎস্য সম্পদ কার্যালয়ের লোকজন বড়াল নদে যান। তাঁরা পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। কিন্তু পানিতে কোনো সমস্যা হয়নি বলে তাঁরা জানতে পেরেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী বলেন, তাঁরা ওই এলাকার নদের পানির পিএইচ, অক্সিজেন ও অ্যামোনিয়া পরীক্ষা করেছেন। পরীক্ষায় পানি স্বাভাবিক পাওয়া গেছে। মাছ মারা যাওয়ার কারণ প্রাথমিকভাবে তাঁরা বলতে পারছেন না। পরীক্ষাগারে মরা মাছ পাঠিয়ে পরীক্ষা করা গেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে বাগাতিপাড়ায় এ ধরনের ব্যবস্থা না থাকায় তাঁরা তা করতে পারছেন না।