নাটোরে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নাটোরে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাবেক কমান্ডার মো. নইমুদ্দীন। হিজবুত তওহিদের সদস্যদের নিয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ে সভা করার অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ করেন ২১ ডিসেম্বর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বর্তমান কমান্ডার আবদুর রউফ সরকারের সভাপতিত্বে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিজবুত তওহিদের সভা হয়। সভায় সদর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় হিজবুত সদস্যরা মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর বক্তব্য রাখেন ও সংগঠনের ভিডিওচিত্র প্রদর্শন করেন। খবর পেয়ে নাটোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সংগঠনের তিন কর্মীকে আটক, কিছু লিফলেটসহ মালামাল জব্দ করে।
বাদী আরও অভিযোগ করেন, এ ঘটনায় তাঁর নিজের ১ কোটি টাকার মানহানি হয়েছে। আদালতের বিচারক ইসরাত জাহান বাদীর অভিযোগ গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠান। মামলায় বর্তমান জেলা কমান্ডার আবদুর রউফ সরকার, উপজেলা কমান্ডার নুরুল ইসলাম ও অফিস পিয়ন রোমানা পাহানকে আসামি করা হয়েছে।
আবদুর রউফ সরকার বলেন, ‘হিজবুত তওিহদ নিষিদ্ধ কি না, তা আমার জানা ছিল না। তারা ব্যানার নিয়ে ওই দিন হঠাৎ করে আমাদের অফিসে এসে একটা ভিডিও দেখাতে শুরু করে। আমরা তাদের কর্মকাণ্ড ভালো মনে না করায় পুলিশকে খবর দিয়ে তাদের আটক করিয়েছি। এটা নিয়ে মামলা করার তো কিছু হয়নি।’