নাটোর সদর উপজেলা নির্বাচনে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ নিজ দলের নেতার নাম ঘোষণা করেছে জেলা জামায়াতে ইসলাম ও বিএনপি।
আজ সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে তারা প্রার্থী ঘোষণা করে। নির্বাচনে দুই দলই একে অপরকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন হবে।
আজ বেলা ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নাটোর জেলা জামায়াত। লিখিত বক্তব্যে দলের নির্বাচন পরিচালক সাদেকুর রহমান বলেন, ‘২২ ফেব্রুয়ারি রাতে রাজশাহীতে ১৯-দলীয় জোটের বৈঠকে নাটোর সদর উপজেলায় জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলীকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তা অগ্রাহ্য করে রহিম নেওয়াজকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। এই সিদ্ধান্ত তাঁরা (জামায়াত নেতারা) মানেন না। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলার আমীর ইউনুস আলীর পক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবেন তাঁরা। এ ব্যাপারে কোনো সমঝোতা হবে না।’
জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, ‘বিগত আন্দোলনে পুরো মাঠে জামায়াত নেতা-কর্মীদের প্রাধান্য ছিল। এ ছাড়া অতীতের অনেক নির্বাচনে আমরা বিএনপিকে ছাড় দিয়েছি। এখন আর ছাড় দেব না। এতে সম্পর্ক যা-ই হোক না কেন।’
জামায়াতের সংবাদ সম্মেলনের পর তড়িঘড়ি করে নিজেদের অস্থায়ী কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনের ডাকে জেলা বিএনপি। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জামায়াতের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘রাজশাহীর বৈঠকে আমাদের ডাকা হয়নি। সেখানে কে কী বলেছেন, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ চেয়ারম্যান পদে আমাদের দলীয় প্রার্থী। তাঁকে জয়যুক্ত করতে শেষ পর্যন্ত লড়াই করে যাব আমরা।’
আমিনুল হক বলেন, ‘জোটগত রাজনীতির কারণে আমরা আন্দোলন-সংগ্রামে জামায়াতকে সঙ্গে নিয়েছি। তার মানে আমরা তাদের ছাড়া রাজনীতি করতে পারব না, এটা ভাবা ঠিক না। জামায়াত না এলেও আমরা একাই সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ব।’