নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার খাকসা গ্রামে গত শনিবার রাতে আবদুস সামাদ (৩০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে খাকসা গ্রামের আবদুস সামাদ বাড়ি থেকে বের হয়ে ভূগোলের মোড়ে যাচ্ছিলেন। মোড়ের কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুস সামাদ খাকসা গ্রামের সেফাত আলীর ছেলে। সেফাত আলী এ হত্যাকাণ্ডে জন্য প্রতিবেশী ইস্রাফিল ও তাঁর ভাইদের দায়ী করেছেন।সেফাত আলী বলেন, ‘আমার ছেলের সঙ্গে ইস্রাফিলের মেয়ে লিপির ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের মধ্যে মনোমালিন্য হলে লিপি কিছুদিন আগে আত্মহত্যা করে। এই ঘটনার পর ইস্রাফিলের লোকজন আমার পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। আমি মনে করি, আত্মহত্যার প্রতিশোধ নিতেই তারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’ঘটনার পর থেকে ইস্রাফিল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতার কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ইস্রাফিল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে।