নাটোরে যুবদলের নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাশার
আবুল বাশার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশার মাস্টারকে (৩৩) গুলি করে ও পায়ের রগ কেটে খুন করেছেন আওয়ামী লীগের কর্মীরা। একই হামলায় আরও পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেরিগাছা বাজারে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার বড়াইগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশারের স্ত্রী  রিক্তা মারা যান। গতকাল সন্ধ্যায় তিনি ১০-১২ জন কর্মী-সমর্থকসহ শ্বশুরবাড়ির একটি অনুষ্ঠানে যোগদান শেষে এলাকায় ফিরছিলেন। পথে মেরিগাছা বাজারের পাশে উপজেলার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় আবুল বাশার, সেলিম হোসেন (২৫), জিন্নাহ আলী (৩০), বাবলু হোসেন (৩৫), মোস্তফা আলী (৩০) ও তাজুল ইসলাম (২৯) গুলিবিদ্ধ হন। হামলাকারীরা গুলিবিদ্ধ আবুল বাশারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও জখম করে। কেটে দেয় তাঁর ডান পায়ের রগ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, হামলাকারী বকুল হোসেন মেরিগাছা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। নিহত আবুল বাশার ছিলেন একই স্কুলের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক। সম্প্রতি বকুল হোসেন সভাপতির পদ থেকে গোপনে পদত্যাগ করে ওই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর একদিন রাতে তাঁকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করে। ওই মারধরের অভিযোগে বকুল হোসেন বাদী হয়ে আবুল বাশারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নামে একটি মামলা করেন। এর জের ধরে গতকাল আবুল বাশারকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, ‘এটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এ হত্যাকাণ্ডের পরপরই বড়াইগ্রাম উপজেলায় হরতালের ডাক দেন।