নাটোরে যুবলীগ কর্মী রাসু হত্যাকাণ্ড নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত যুবলীগের কর্মী রাশেদুল ওরফে রাসুর মা অভিযোগ করেছেন, রাশেদুলের বন্ধুরাই তাকে হত্যা করেছে। এদিকে হত্যাকাণ্ডের দিন রাসুর বাবা বাদী হয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের পক্ষের লোকজন রাশেদুলকে অপহরণ করেছে বলে অভিযোগ এনে মামলা দায়ের করেন। ফলে হত্যাকাণ্ড নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।গত সোমবার রাত ১০টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেলের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের কর্মী রাসেদুলকে কানাইখালী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অপহরণ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন মঙ্গলবার দুপুরে নিহতের মা রোজি বেগম সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের দিন রাসু কয়েকবার তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। রাশেদুল তাঁকে জানান, ‘আমি মন্ত্রীর বাড়িতে আছি। তুমি চিন্তা করো না। আমি খুব বিপদে আছি। মন্ত্রীর বাড়িতেই থাকব।’ এরপর সন্ধ্যার দিকে রাসুর মা প্রতিমন্ত্রীর বাড়িতে যান। তখন রাশেদুলের বন্ধুরা তাঁর ছেলের সঙ্গে দেখা করিয়ে দেন।উল্লেখ্য, কিছুদিন আগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পক্ষের যুবলীগ কর্মী আফজাল হত্যাচেষ্টায় রাসু জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। ওই মামলায় তাঁকে আসামি করা হয়।এ ব্যাপারে শফিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে রাশেদুলকে হত্যা করে তাঁর সমর্থিত যুবকদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন।গতকাল বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ঢাকা থেকে নাটোরে পৌঁছে রাসুদের বাড়িতে যান। এ সময় তিনি রাসুর মা-বাবাকে আশ্বস্ত করে বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। তদন্তে তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত অব্যাহত রয়েছে। শিগগির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।