নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে রবিউল ইসলাম (২৮) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল শহরের চৌধুরী বড়গাছার এলাকার মৃত আবদুর রহমান ঢালীর ছেলে।নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল রাত আটটার দিকে অপরিচিত কয়েকজন যুবক রবিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত পৌনে নয়টার দিকে শহরতলির রামাইগাছীতে রবিউলের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। রাত ১০টার দিকে ইট ব্যবসায়ী আবদুল আজিজ ভাই রবিউলের লাশ শনাক্ত করেন। সেখান থেকে রাত ১১টার দিকে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে তাঁকে ছুরিকাঘাত করে। পরে রবিউলের শরীরে পেট্রল ঢেলে পোড়ানোর চেষ্টাও করা হয়। ঘটনার পরপরই নাটোরের পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেন, হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এজাহার পাওয়ার পর পুরো মাত্রায় তদন্ত শুরু হবে। অল্প সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, নিহত রবিউল যুবলীগের একজন কর্মী। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।