নাটোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরে গতকাল সোমবার রাতে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাশেদুল ওরফে রাসু। যুবলীগের দুই পক্ষের কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।নিহত রাশেদুল গাড়িখানা মহল্লার আবদুর রউফের একমাত্র ছেলে। নাটোর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের কর্মী রাশেদুলকে সংগঠনের প্রতিপক্ষের যুবকেরা আটক করেন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত পৌনে ১০টায় রাশেদুলকে শহরের কানাইখালী মহল্লার জেলেপাড়া মোড়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রাশেদুলকে মৃত ঘোষণা করেন। রাশেদুলের মৃত্যুর খবরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ ও প্রতিমন্ত্রীর ছেলে সোহেল সরকারসহ অন্য নেতারা হাসপাতালে ছুটে যান। হানিফ আলী শেখ বলেন, কয়েক দিন আগে শহরের চৌকিরপাড়ে আফজাল হোসেন নামের যুবলীগের এক কর্মী আহত হন। তাঁর নেতৃত্বেই কিছু যুবক রাশেদুলকে সকালে অপহরণ করে। রাতে তাঁকে গুলি করে জেলেপাড়া মহল্লায় ফেলে রেখে যাওয়া হয়। তবে আফজাল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি রাশেদুল। তাঁকে আজ (সোমবার) সকালে তাঁর বাড়ি থেকে ধরেছিলাম। তিনি মাফ চাওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছি। এর পর থেকে তিনি নিজ বাড়িতে ছিলেন। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষের লোকজন রাশেদুলকে হত্যা করেছে।’এ ঘটনায় পুলিশ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সাংগঠনিক কার্যালয় থেকে সোহরাব, সাব্বির, রিপন, সুভাষ কুমার ও গৌতম চন্দ্র দাসকে আটক করে থানায় নিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’