নাটোরে যুবলীগ কর্মীর রগ কেটে দিল ছাত্রলীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে যুবলীগ কর্মী রেজাউল করিমের বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার উপজেলার লক্ষ্মীকোল বাজারে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মামুদপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে লক্ষ্মীকোল বাজার এলাকায় রেজাউল ও তাঁর সমর্থকেরা ছাত্রলীগ কর্মী অপুকে মারধর করে। ওই দিন রাতে একই বাজারে একা পেয়ে অপু ও তাঁর সমর্থকেরা রেজাউলকে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে বাজারের ব্যবসায়ী অনুপ কুন্ডুর ঘরে আশ্রয় নেন। তখন ছাত্রলীগ কর্মীরা সেখানে ঢুকে তাঁকে কুপিয়ে আহত করেন। এ সময় তাঁরা তাঁর বাঁ হাতের তিনটি রগ কেটে দেন। পরিবারের লোকজন রাতেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, রেজাউল যুবলীগ এবং অপু ছাত্রলীগের কর্মী। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওয়াজেদ আলী খান বলেন, এ ঘটনায় এখনো (গতকাল দুপুর) কেউ মামলা করেনি।