নাটোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামে গতকাল সোমবার ভোরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী নিহতের শ্বশুর ও চাচাশ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সিংড়া থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গুটিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ও চাঁদ মোহাম্মদকে পালাতে দেখলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা তাঁদের পুত্রবধূ খাদেজা খাতুন কোবরা ওরফে লিমাকে (১৬) পিটিয়ে হত্যা করেছেন। তাঁদের দেখানো মতে লোকজন শয়নঘরের বারান্দা থেকে লিমার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল তৈরি করে। ঘটনাস্থলে উপস্থিত সিংড়া থানার উপপরিদর্শক মঞ্জুরুল আলম বলেন, নিহতের শরীরে মারধরের চিহ্ন রয়েছে। লিমার বাবা লোকমান আলী বলেন, তারা যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় লিমার ওপর প্রায়ই তারা নির্যাতন করত। তবে লিমার শ্বশুর রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, লিমা অসুস্থ হয়ে মারা গেছে।