নাটোরে রাজনৈতিক দ্বন্দ্বে খুন যুবদলের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় একটি বিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশার খুন হয়েছেন। স্থানীয় মেরীগাছা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ও আবুল বাশারের পরিবার সূত্রে এই তথ্য পাওয়া গেছে। আবুল বাশার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এদিকে যুবদলের নেতা আবুল বাশার হত্যার প্রতিবাদে গতকাল শনিবার বড়াইগ্রামে বিএনপির ডাকা হরতাল সর্বাত্মকভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
সকাল সাতটায় উপজেলা সদরের মৌখাড়া বাজারে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হরতালে কোনো গাড়ি চলেনি। দোকানপাট ছিল বন্ধ। মেরীগাছা উচ্চবিদ্যালয়সহ আশপাশের কয়েকটি বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।
মেরীগাছা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, আবুল বাশার ও তাঁর পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে আবুল বাশারের বড় ভাই আবদুল খালেক ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন। এর সুবাদে আবুল বাশার বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি সরকারি মঞ্জুরিও লাভ করেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের রদবদল হয়। আবদুল খালেক সদস্যপদ হারান। পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন উপজেলার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন। তাঁর তৎপরতায় আবুল বাশার সরকারি মঞ্জুরি তালিকা (এমপিও) থেকে বাদ পড়েন। তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন। ইতিমধ্যে বকুল হোসেন অনেকটা গোপনে গত ১৮ মে সভাপতি পদ ছেড়ে দিয়ে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, বকুল হোসেনের এই শিক্ষক হয়ে যাওয়ার ঘটনাটি আবুল বাশার ও তাঁর পরিবার মেনে নিতে পারেনি। এর জের ধরে সম্প্রতি মেরীগাছা বাজারে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে দুই দফা মারামারির ঘটনাও ঘটে। এরপর গত শুক্রবার সন্ধ্যায় বকুল হোসেন ও তাঁর সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আবুল বাশার ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়। তারা গুলি করে ও পায়ের রগ কেটে আবুল বাশারকে হত্যা করে। এ সময় আরও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। তারা নাটোর সদর হাসপাতাল ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন নিহত আবুল বাশারের ঘনিষ্ঠজন বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ও বাশার মাস্টার পাশাপাশি ছিলাম। বকুল হোসেনের চাচাশ্বশুর যুবলীগের নেতা মুকাই প্রামাণিক বাশার মাস্টারের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। পরে তাঁর পায়ের রগ কেটে দেওয়া হয়। আমার পায়ে দুবার গুলি করা হয় ও মাথায় হাঁসুয়া দিয়ে কোপানো হয়। আমি মারা যাওয়ার ভাণ করে পড়েছিলাম। পরে আমাদের স্থানীয় মহিলারা উদ্ধার করেন।’
ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘হামলাকারীদের অনেকের হাতে পিস্তল ছিল। তাদের কয়েকজন আমার বাড়ির ভেতরেও ঢুকে পড়েছিল।’
জেলা বিএনপির সদস্য মহুয়া নূর বলেন, ‘আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক প্রতিহিংসায় আমার স্বামী সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করেছিল। তাঁর হত্যাকারীদের অনেকে এই ঘটনার সঙ্গেও জড়িত। এটা সম্পূর্ণ রাজনৈতিক হত্যাকাণ্ড।’
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘তাঁদের (আবুল বাশার ও বকুল হোসেন) মধ্যে রাজনৈতিক শত্রুতা থাকতে পারে। তবে বাশারকে আমাদের কোনো লোক মারেনি। বাশার তাঁর লোকজন নিয়ে মেরীগাছা বাজারের রবিউল ও সাঈদের দোকান লুট করতে গেলে ব্যবসায়ীদের প্রতিরোধে তিনি মারা গেছেন।’ প্রসঙ্গত, আবুল বাশারের ভাতিজা বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু ২০১০ সালে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে খুন হয়েছিলেন।