নাটোরে রাস্তায় শুয়ে এতিম শিশুদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গতকাল রোববার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে শুয়ে অবরোধ করে নাটোরের সরকারি শিশু সদনের শিশুরা। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে শিশুরা অবরোধ তুলে নেয়।অভিযোগ তদন্তের জন্য গতকালই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে জেলা প্রশাসন। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে শিশু সদনের তত্ত্বাবধায়ক ও দুই কর্মচারীকে বদলি করা না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে শিশুরা। অবরোধে অংশ নেওয়া শিশু সদনের এতিম শিশু আল-আমিন, সোহান, শাকিল, সৌরভসহ অনেকে জানায়, প্রতিটি শিশুর জন্য মাসে খাবার খরচ হিসাবে দুই হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের পেট ভরে খেতে দেওয়া হচ্ছে না। ১০০ গ্রাম গুঁড়া দুধ কিনে বালতিবোঝাই পানিতে মিশিয়ে খেতে দেওয়া হয়।শিশুরা অভিযোগ করে, সদনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ভরণপোষণের টাকা আত্মসাৎ করে নিম্নমানের ও চাহিদার চেয়ে কম খাবার দেয়। পচা চালের কারণে ভাত থেকে বের হয় দুর্গন্ধ। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় না। সম্প্রতি সদনের এক কর্মচারীর কাছে অনেক অনুরোধ করেও ওষুধ পায়নি সদনের নিবাসী শিশু আল-আমিন। ওই কর্মচারী আল-আমিনকে ট্রাকের নিচে মাথা দিয়ে মরার পরামর্শ দেন। শিশুরা আরও অভিযোগ করে, কর্মকর্তা-কর্মচারীরা সদনের শিশুদের দিয়ে তাঁদের বাসার যাবতীয় কাজ ও মাঠ পরিষ্কার করান। তাদের জন্য বরাদ্দ করা লেপ, তোষক, চাদর ও ফ্রিজ ব্যবহার করেন কর্মকর্তা-কর্মচারীরা। কোনো শিশু প্রতিবাদ করলে অন্য অজুহাত দেখিয়ে তাকে সদন থেকে বের করে দেওয়া হয়।