নাটোর শহরের আলাইপুর এলাকায় সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের বাসার সামনে গতকাল শনিবার রাত ১১টায় বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যুবলীগের একজন ও স্বেচ্ছাসেবক দলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সূত্র জানায়, রাত ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের বাসার মূল ফটকের সামনে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ (৩২) ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেওয়ান শাহীন গুলিবিদ্ধ হন।প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশের পিঠে গুলি লেগেছে। তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। তাঁর অবস্থা গুরুতর বলে দলীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে গুলি লেগে স্বেচ্ছাসেবক দলের নেতা দেওয়ান শাহীনের কান ফুটো হয়ে গেছে। তাঁকে রুহুল কুদ্দুসের বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ তাঁর বাসা ঘিরে রেখেছে। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তাঁকে খুন করার উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তারা অনেক গুলি ছুড়েছে। নেতা-কর্মীদের বাধার মুখে তারা ঢুকতে পারেনি। হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ আমাদের গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে।’তবে যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রুহুল কুদ্দুসের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিএনপি নাটোরকে অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে যুবলীগের নেতা-কর্মীদের ওপর গুলি ছুড়েছে। নাটোরের পুলিশ সুপার কায়ুমুজ্জামান খান দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।