নাটোরে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে রোববার বিকেলে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ১৬ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিংড়া থানা সূত্রে জানা যায়, আজ রোববার বিকেলে নাটোর থেকে যাত্রীবাহী একটি লেগুনা সিংড়া যাচ্ছিল। এ সময় খেজুরতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ ১৮ জন আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেগুনার চালক কায়েম উদ্দিনের মৃত্যু হয়। নিহত কায়েম উদ্দিন (২৮) সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের তারাপুর গ্রামের হাছেন আলীর ছেলে। পরে বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে শিখা রানি (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিদের চিকিৎসা চলছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় লেগুনাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার চালক ও যাত্রী। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।