নাটোরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
গতকাল দুপুরে মানববন্ধন করেন উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। পরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ওয়াছেক আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক গৌরপদ মণ্ডল, সরওয়ার হোসেন, বজলুল হক মোল্লা, ফাদার ওয়াল্টার রোজারিও, সেলিম হোসেন, ইস্কেন্দার মির্জা, জিয়াউল হক প্রমুখ। তাঁরা মিজানুর রহমানের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য বাচ্চু মিয়াসহ এজাহারভুক্ত নয় আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ক্লাস ও পরীক্ষা থেকে অব্যাহতি নেওয়া হবে বলে তাঁরা ঘোষণা দেন। তাঁরা অভিযোগ করেন, পরিচালনা কমিটির নামে শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হয়। তাই পরিচালনা কমিটি গঠনে বিদ্যানুরাগীদের অন্তর্ভুক্তির মাধ্যমে নতুন পরিচালনা আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ইউএনও ইশরাত ফারজানা ও বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান। ওসি বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে।
২২ নভেম্বর বিদ্যালয়ের পরিচালনা কমিটির গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল লোক পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালায়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মিজানুর রহমানের ভাতিজা মিলন হোসেন বাদী হয়ে বাচ্চু মিয়াকে প্রধান আসামি করে নয়জনের নামে মামলা করেছেন। এ বিষয়ে ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।