নাটোরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা তুলে না নেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাহমুদপুর গ্রামের তিন সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ শনিবার রাতে মামলার আসামি আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে। ওই তিন সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে শনিবার গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর পুলিশের টনক নড়ে। শনিবার রাতে নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বড়াইগ্রাম থানায় যান। তাঁর নির্দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে শনিবার রাতেই দুটি মামলা নেওয়া হয়। বাড়ি পোড়ানোর ঘটনায় ক্ষতিগ্রস্ত নব কুমার এবং মারধরের ঘটনায় সন্তোষ কুমার বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পুলিশ সুপারের নেতৃত্বে রাতেই সন্ত্রাসীদের দলনেতা আবদুর রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিরা আত্মগোপন করেছেন। গতকাল রোববার দুপুরে আবদুর রাজ্জাককে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে সংখ্যালঘু নির্যাতনের ওই ঘটনা তদন্তে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দুটি দল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসীরা মাহমুদপুর গ্রামের নব কুমার, সন্তোষ কুমার ও শৈলেন্দ কুমারের পরিবারের ওপর নির্যাতন চালায়। সন্ত্রাসীরা নব কুমারের বাড়ি পুড়িয়ে দেয়। ১০ দিন ধরে তাঁরা বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন।