নাটোরের লালপুর উপজেলার গোধড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিজয়ী সদস্যসহ বিএনপির তিন কর্মীকে আটক করেছে। গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ১ নম্বর গোধড়া ওয়ার্ডের সদস্য নির্বাচনে বিএনপির লোকমান হোসেন (৪৫) বিজয়ী হন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১০টার দিকে পরাজিত প্রার্থী আবদুল মুন্নাফের কর্মীরা স্থানীয় গোধড়া বাজারে লোকমান হোসেনের সমর্থকদের ওপর হামলা করেন। এতে বিজয়ী সদস্যের সমর্থক বিএনপির আট কর্মী আহত হন। এ ঘটনার জের ধরে সোমবার সকালে লোকমান হোসেনের সমর্থকেরা আবদুল মুন্নাফের সমর্থকদের বাড়িতে পাল্টা হামলা চালান। এতে স্থানীয় আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে রিপনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হজরত আলী (২৫), মাসুদ (২২), মিজান (৩০), লিটন (১৮), শাহজাহান সরদার (৪০), দুলাল (৩৮) ও শাহীনকে (১৭) স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে পুলিশ বিজয়ী সদস্য লোকমান হোসেনসহ রেন্টু ও ফারুক নামের বিএনপির তিন কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়াইগ্রামের এএসপি (সার্কেল) আমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।