নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল ও মানিকপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে আজ বুধবার সকালে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সেনানিবাস থেকে ট্যাংক বহনকারী একটি লরি যশোর যাওয়ার পথে নাটোর-ঢাকা মহাসড়কের পারকোল সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ছোট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছের ট্রাকের আরোহী মোমিন হোসেন (২৫) নিহত হন। আহত হন ওই ট্রাকের চালক রায়হান হোসেন (৩২) ও সহকারী হাবিবুর রহমান (৩৫) । তাঁদের বনপাড়ার আমেনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাছবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
এর আধা ঘণ্টা পর একই মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় গোল্ডমার্ক বিস্কুট কোম্পানির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় শুফা বেগম (৫২) নামের এক নারী নিহত হন। তিনি মানিকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করেছে। চালক পলাতক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মানিকপুরের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।