নাটোরে সরকারি জমি বিক্রি করেছেন আ.লীগেরকর্মী
নাটোর সদর উপজেলার হরিদাখলসী গ্রামে আওয়ামী লীগের এক কর্মী সরকারি হালটের (খাল) ৪৯ শতাংশ জমি দখল করে নিয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওই জমির অর্ধেক সোয়া লাখ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের সরকারি হালট দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন ব্যবহার করে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের স্থানীয় কর্মী আমির হোসেন হালটটির ৪৯ শতাংশ জমি দখল করেন। মাটি দিয়ে ভরাট করে এত দিন তিনি সেখানে চাষাবাদ করেছেন। ওই জমির বাজারমূল্য ২৫ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি তিনি ওই জমি পাঁচ শতাংশ করে ১০টি প্লটে ভাগ করেন। এরপর তিনি প্রতিটি প্লট ৫০ হাজার টাকার বিনিময়ে হস্তান্তরের ঘোষণা দেন।
আমির হোসেন ইতিমধ্যে পাঁচটি প্লট ওই গ্রামের ইউনুস আলী, রাজ্জাক আলী, রাজ্জাক হোসেন, আলী হোসেন ও ইনতাসরের কাছে এক লাখ ২৬ হাজার টাকায় বিক্রি করেছেন। ক্রেতারা এসব প্লট দখলে নিয়ে বসতঘর নির্মাণ শুরু করেছেন। স্থানীয় লোকজন হালটটি দখলমুক্ত করার জন্য ৫ মে জেলা প্রশাসক, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয় ও থানায় লিখিত আবেদন করেন। ৯ মে ভূমি কার্যালয় ও নলডাঙ্গা থানার কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে ক্রেতারা ঘর নির্মাণ বন্ধ করে দেন। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও তাঁরা নির্মাণকাজ শুরু করেন।
১৭ মে সকালে সরেজমিনে দেখা যায়, রাজ্জাক আলী একটি প্লটে ঘর নির্মাণের কাজ করছেন। জানতে চাইলে তিনি বলেন, এই প্লটের জমি তিনি আমির হোসেনের কাছ থেকে ১৪ হাজার টাকা দিয়ে কিনেছেন। সরকারের জমি বাবদ তাঁকে কেন টাকা দিলেন জানতে চাইলে রাজ্জাক আলী বলেন, আমির হোসেন সরকারি দলের লোক। তাঁকে টাকা না দিলে তিনি জমিতে ঘর তুলতে দিতেন না।
আমির হোসেন হালটের জমি দখল করার কথা স্বীকার করেছেন। তবে তিনি লোকজনের কাছ থেকে টাকা নিয়ে প্লট আকারে জমি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। তবে তারা এই জমিতে বাড়ি করলে আমার কোনো আপত্তি নেই। আমি সরকারি দল করি। তারা আমার কাছে জমির জন্য এসেছিল। তাই আমি তাদের নামে জমি করে দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে (রাজস্ব) দরখাস্ত করেছি।’
বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ওই জমি বন্দোবস্ত পাওয়ার জন্য কেউ তাঁদের কার্যালয়ে আবেদন করেননি।
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকতারুন নাহার জানান, দ্রুত ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থানীয় লোকজনকে ওই জমি বাবদ কাউকে টাকাপয়সা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন জানান, আমির হোসেন তাঁদের দলের লোক। কিন্তু সরকারি জমি তিনি বিক্রি করছেন কি না, তা তাঁরা জানেন না।