নাটোরে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা
দুর্বৃত্তরা গত সোমবার রাতে প্রথম আলোর নাটোর প্রতিনিধির কানাইখালির বাড়ির তিনটি লোহার ফটকের তালা ভেঙে তাঁর মোটরসাইকেলটি চুরির চেষ্টা করে। পরে মোটরসাইকেলটি বাড়ির বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন সোমবার রাত সাড়ে ১০টায় তাঁর বাড়িতে প্রবেশের তিনটি লোহার ফটকে তালা লাগিয়ে দোতলায় ঘুমাতে যান। গতকাল মঙ্গলবার ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠে তিনি দেখেন, বাড়ির নিচতলার সিঁড়িঘরে রাখা তাঁর মোটরসাইকেলটি নেই। লোহার ফটক তিনটিতে থাকা পাঁচটি তালা খুলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মুক্তার হোসেন বলেন, ‘ঘটনাটি আতঙ্কজনক। সম্প্রতি আমার প্রকাশিত কয়েকটি খবরে কেউ কেউ ক্ষিপ্ত হয়েছেন। তাঁদের ইঙ্গিতে দুর্বৃত্তরা হয়তো আমার এই ক্ষতি করেছে। আমি জিডি করেছি।’ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে।