নাটোরে সাত জঙ্গি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের নেতা আবদুর রউফ ওরফে বাদশাকে অপহরণ করে হত্যাচেষ্টার মামলায় আবদুর রাজ্জাক ওরফে রাজুসহ সাত জঙ্গিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আক্তারুজ্জামান রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান গত মঙ্গলবার জঙ্গিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্যরা হচ্ছেন মতিউর রহমান ওরফে সুখু, রাসিদুল হক ওরফে সুজন, সিরাজুল ইসলাম ওরফে ধলু, মীর আশিকুর রহমান, তৌকির রহমান ওরফে তনু ও মোর্শেদ আল মামুন ওরফে রাফি।গত মঙ্গলবার সিংড়ার ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফকে আবদুর রাজ্জাকের নেতৃত্বে জঙ্গিরা কালীগঞ্জ বাজারের রাস্তা থেকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে জনতার হাতে ধরা পড়ে। পরে সিংড়া থানার পুলিশ তাদের নাটোরে নিয়ে আসে।পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রাজ্জাক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আওয়ালের সহযোগী।