নাটোরে সাতটি প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার দিবাগত রাতে নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা সর্বজনীন নতুন মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নাটোর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রকোলা সর্বজনীন নতুন মন্দিরে দুর্গা, গণেশসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা নির্মাণ করা হয়। রঙের কাজ করার জন্য গত বৃহস্পতিবার রাতে এগুলো মন্দিরের বাইরে রাখা হয়। গতকাল শুক্রবার সকালে লোকজন সেখানে গিয়ে সাতটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাঁরা ঘটনাটি জেলা প্রশাসন ও পুলিশকে জানান। সকাল আটটার মধ্যেই জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহাকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক জাফর উল্লাহ ও পুলিশ সুপার নাহিদ হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার এবং পুনরায় প্রতিমা তেরির জন্য সহায়তার আশ্বাস দেন।
জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা বলেন, ‘পূজার আগ মুহূর্তে এ ধরনের ঘটনায় আমরা ব্যথিত ও চিন্তিত। দুর্বৃত্তদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’
জেলা প্রশাসক জাফর উল্লাহ জানান, ঘটনা তদন্তে একজন ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিগগির দুর্বৃত্তদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে।