নাটোরে সেই সড়কের মেরামতকাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই হওয়ার পরিপ্রেক্ষিতে বনবেলঘরিয়া-মোমিনপুর সড়ক মেরামতের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বড় ছেলে সোহেল সরকার গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় তাঁকে অভিযুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাটোরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে সোহেল সরকার বলেন, ‘আমার বাবা ও আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল দরপত্র ছিনতাইয়ের ঘটনায় আমাকে অভিযুক্ত করেছে। প্রকৃতপক্ষে আমি ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে বাক্স ভেঙে দরপত্র ছিনতাই হওয়ায় প্রায় এক কোটি টাকার বনবেলঘরিয়া-মোমিনপুর সড়ক মেরামতের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পুনরায় ওই কাজের দরপত্র আহ্বান করা হবে। নির্বাহী প্রকৌশলী লোকমান আলী বলেন, একজন ঠিকাদারের এক লাখ ৯৭ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র ছিনতাই হওয়ায় আগের দরপত্র অনুযায়ী ঠিকাদার নির্বাচন করা সম্ভব নয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।দরপত্র ছিনতাইয়ের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গতকাল এলজিইডির নাটোর কার্যালয়ে এসে তদন্ত শুরু করেছেন। ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত শেষে এ ব্যাপারে নিয়মিত মামলা করা হতে পারে।