নাটোরে স্কুলের সামনে থেকে ছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের বঙ্গজল মহল্লার বনলতা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে দুর্বৃত্তরা গতকাল বৃহস্পতিবার দুপুরে অপহরণ করেছে।নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে বনলতা উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী (১৫) পরীক্ষা শেষে তার দাদার সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় রানা ও কান্ত নামের দুই তরুণ দাদাকে ধরে রাখে। আর আরিফ নামের আরেক তরুণ মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে উত্তর দিকে চলে যায়। পরে ওই দুই তরুণও আরেকটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, তিনি দুপুরে খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিন তরুণ মেয়েটিকে আকস্মিক তুলে নিয়ে পালায়। মেয়ের সঙ্গে থাকা এক লোক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।মেয়ের বাবা বলেন, ‘ওই তরুণেরা আমার পরিচিত। তারা দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। আমি মানসম্মানের ভয়ে পুলিশকে জানাইনি। মেয়েকে উদ্ধারের জন্য আমি পুলিশ ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি।’নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অপহরণের খবর শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। শুনেছি, আরিফ নামের ছেলেটি ওই মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চায়। আমরা মেয়েটিকে উদ্ধার ও আসামিদের ধরার চেষ্টা করছি।’