নাটোরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন
নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে তুষার ইমরান ওরফে তুফান (২২) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত তুষার জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা দক্ষিণপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ জুন সন্ধ্যায় তুষারের বাড়ি থেকে তাঁর স্ত্রী শারমিন আক্তার নিখোঁজ হন। পরদিন বিকেলে স্বামীর বাড়ির কাছেই একটি পুকুরের পাশে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় গলা কাটা লাশ পাওয়া যায়। এ ব্যাপারে নিহত নারীর বাবা আকছেদ আলী বাদী হয়ে জামাই তুষার ইমরান ও তাঁর মা-বাবাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম ওই বছরের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, নিহত শারমিন ও দণ্ডপ্রাপ্ত আসামি তুষার চাচাতো ভাইবোন ছিলেন। ভালোবাসার সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। বিয়ের চার মাসের মাথায় শারমিনকে গলা কেটে হত্যা করা হয়। নিহত নারীর স্বামী এই দায় এড়াতে পারেন না। তাই আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। বাকি তিন আসামিকে খালাস দিয়েছেন।
রায় ঘোষণার পর আসামি তুষার ইমরান আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, তিনি ন্যায়বিচার পাননি। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।