নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার লালপুর পেট্রলপাম্পের সামনে লালপুর-ঈশ্বরদী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে আসা একটি ট্রাক লালপুর পেট্রলপাম্পের সামনে যাত্রীবোঝাই ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এর পরপরই ভ্যানের পেছনে থাকা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশাভ্যানের ওপর উঠে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আমিরুল ইসলাম (৪৫), যাত্রী সর্দার আবু তাহের (৭০) জিল্লুর রহমান ওরফে জিলু (৬৫) মোখলেছুর রহমানকে (৪০) মৃত ঘোষণা করেন। ভ্যানের অন্য এক যাত্রী জহুরুল ইসলাম (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন রঞ্জু মণ্ডল (২০) রাব্বি শেখ (২১) দিপু হোসেন (২৪)। আমিরুল ইসলাম দক্ষিণ লালপুরের তরি মণ্ডলের ছেলে। বাকি ব্যক্তিদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁরা লালপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের শ্রমিক।
প্রকল্পের শ্রমিক সর্দার বাবুল হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা সকালে প্রকল্প এলাকায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ট্রাকটি পালিয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। পিকআপ ও ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের চালক রাব্বি মণ্ডল আহত অবস্থায় পালিয়েছেন। অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।