নাটোরে সড়কের ট্রাক দোকানে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার একডালা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সেই দোকানে ঘুমিয়ে থাকা এক নৈশপ্রহরীসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন নাটোর সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা নৈশপ্রহরী মোক্তার হোসেন (৩২), গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইসমাইল হোসেন (৩০) ও দুলাল প্রমাণিক (৪০)।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী থেকে মহিষ নিয়ে গাজীপুর যাওয়ার পথে একটি ট্রাক নাটোর-রাজশাহী সড়কের সদর উপজেলার একডালা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের আরোহী মহিষের ব্যাপারি ইসমাইল হোসেন ও দুলাল প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকের চাপায় দোকানের বারান্দায় ঘুমিয়ে থাকা মোক্তার হোসেন গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় ট্রাকে থাকা দুটি মহিষও আহত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ভোর ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।