নাটোরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে চাল ব্যবসায়ী জুমাউল রব্বানী হত্যা মামলায় এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যাবজ্জীবনসহ ৩৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ দিলীপ কুমার দেবনাথ এই রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম শৈলেশ কুমার। বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামে। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন নাটোর সদর উপজেলার দক্ষিণ বড়গাছা মহল্লার মীর মাহবুবুর রহমান ও সিংড়া উপজেলার বড় মাঝগ্রাম গাঁয়ের শহীদুল ইসলাম। মামলার অন্য আসামি উজ্জ্বল হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৩ আগস্ট শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার চাল ব্যবসায়ী জুমাউল রব্বানী ব্যবসার টাকা আনতে মীর মাহবুবুর রহমানের ধানের চাতালের উদ্দেশে রওনা দেন। রব্বানী সাত দিন নিখোঁজ থাকার পর পুলিশ মাহবুবুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে রব্বানীকে হত্যার কথা স্বীকার করে মাহবুবুর।