নাটোরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাছচাষিকে হত্যার দায়ে তোফাজ্জল হোসেন ওরফে নিজাম (৫২) নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ মো. হাসানুজ্জামান। মামলার অপর ২১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

গতকাল বুধবার দুপুরে এই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডাদেশপ্রাপ্ত তোফাজ্জল হোসেনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দোগাছি গ্রামে।

আদালত সূত্র বলেছে, রায় ঘোষণার সময় মামলার ২২ আসামির মধ্যে ২১ জন হাজির ছিলেন। রায়ে বলা হয়, আসামি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে তাঁর প্রতিবেশী ওমেদ আলীকে (৪৫) হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ২০০ থেকে ৩০০ মানুষের উপস্থিতিতে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংঘটিত করায় আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়।

রায় ঘোষণার পর দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ও তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে আসামিকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২ অক্টোবর বিকেলে বড়াইগ্রামের দোগাছি গ্রামে ২০০ থেকে ৩০০ লোকের উপস্থিতিতে সালিস বসে। পাতয়ার বিলে মাছ ধরার জাল চুরি নিয়ে সালিস চলছিল। একপর্যায়ে নিজাম বন্দুক দিয়ে ওমেদ আলীকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় ওমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে ওই রাতেই ওমেদের ভাই কমেদ আলী ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষের ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।

বাদীপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল হাই ও আসামিপক্ষে আরিফুল ইসলাম মামলা পরিচালনা করেন।