নাটোরে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে নাটোরে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল আসামিদের উপস্থিতিতে আদালত নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের আনোয়ার আকন্দের ছেলে মো. হাসানকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত হাসানের বাবা আনোয়ার আকন্দ, মা হাছিনা বেগম, বোন আঞ্জুয়ারা বেগম ও দুলাভাই আবদুল হাকিমকে খালাস দেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি মো. হাসান ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করার সময় অপর কর্মী আসমা বেগমের সঙ্গে তাঁর বিয়ে হয়।
বিয়ের পর আসমা বেগমকে নিয়ে তিনি সিংড়ার গ্রামের বাড়িতে বসবাস করতেন। হাসান ২০১২ সালের ১৪ জুলাই রাতে নিজ ঘরে ঘুমাতে যান। ভোররাতে তিনি প্রতিবেশীদের ডেকে বলেন, তাঁর স্ত্রী বাড়ির পাশের বরইগাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার প্রায় পাঁচ মাস পর হাসানের প্রতিবেশী মফিজ উদ্দিন প্রামাণিক বাদী হয়ে নাটোরের আমলি আদালতে এ ব্যাপারে হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ হাসানকে গ্রেপ্তার করে।
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার রায় দেওয়ায় তিনি খুশি।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।