নাটোরে ৬২ ইউপিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় ইউপি চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তরের দাবিতে জেলার সব ইউনিয়ন পরিষদে ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে।
ইউপি চেয়ারম্যান ফোরাম সূত্র জানায়, সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারের দাবিতে রোববার সকাল থেকে জেলার ৬২টি ইউপিতে এ কর্মবিরতি চলছে।
গত দুই দিন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কর্মস্থলে আসেননি। পরিষদের দৈনন্দিন কার্যক্রমসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। জন্ম নিবন্ধন সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র না পেয়ে জনসাধারণ ভোগান্তিতে পড়েছে।
লালপুর ইউপির চেয়ারম্যান মখলেছুর রহমান কর্মবিরতি পালনের কথা স্বীকার করে বলেন, ‘ফোরামের সিদ্ধান্ত আমরা কঠোরভাবে পালন করব। কারণ গত ১০ দিনেও পুলিশ এ মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিলের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অথচ পুলিশ তাঁকে পাচ্ছে না। ’
শনিবার বিকেলে সিংড়া উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফোরামের সিংড়া উপজেলার সভাপতি ও ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা রোববার থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন। এ কর্মসূচি ঘোষণার পরপরই পুলিশ প্রধান আসামি ইব্রাহিম খলিলের অবস্থান জানতে তাঁর দুই ঘনিষ্ঠজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি এবং শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও রূপসী বাংলা ডটকমের নিউজ আপলোডার আবদুল্লাহ আল রাফি। অথচ এজাহারে তাঁদের নাম নেই।
১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাঐল এলাকায় দুর্বৃত্তরা ফজলার রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে তাঁর ভাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।