নাটোরে ৭০ লাখ টাকার কাজে সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালকের বাসা ও কার্যালয়ের ভবন নির্মাণের ৭০ লাখ টাকার কাজ ঠিকাদারেরা সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন। এ কাজের জন্য ৩৫টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র চারটি। জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ওই কাজের জন্য ২২ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। বুধবার পর্যন্ত ৩৫টি দরপত্র বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় ছিল। এ সময়ে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। বেলা পৌনে দুইটার দিকে জেলা যুবলীগের সভাপতি ও ঠিকাদার শরিফুল ইসলাম বেশ কয়েকজন ঠিকাদারকে নিয়ে গণপূর্ত কার্যালয় ত্যাগ করেন। কয়েকজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, কারা এই কাজ পাবে তা আগে থাকতেই সবাই জেনে ফেলেছেন। তাই দরপত্র ফেলে ঝামেলা করতে চাননি। জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন দেওয়ান বলেন, এত কম দরপত্র জমা পড়ায় আমরা বিস্মিত হয়েছি।